কোম্পানি গঠন ও নিবন্ধনের জন্য নতুন সফটওয়্যার আজ বৃহস্পতিবার থেকে চালু হচ্ছে। সকাল ১০টা থেকে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে (আরজেএসসি) নতুন ইলেকট্রনিক বিজনেস রেজিস্ট্রেশন সিস্টেম বা ইবিআরএসে নামের ছাড়পত্র ও নিবন্ধনের আবেদন করতে হবে। নির্ধারিত শর্ত পূরণ করে আবেদন করা কোম্পানিগুলো তাৎক্ষণিক নিবন্ধন পাবে। একই সঙ্গে নামের ছাড়পত্র পাওয়ার সময়ও কমে আসবে।
এত দিন ব্যবসায়ীদের নামের ছাড়পত্র নেওয়া, প্রয়োজনীয় কাগজপত্র জমা, আবেদন যাচাই ও নিবন্ধন সনদ পেতে একাধিক ধাপ পার হতে হতো। কোথাও তথ্যের ঘাটতি বা কাগজে অসংগতি থাকলে পুরো প্রক্রিয়ায় আরও সময় লাগত। পুরোনো ব্যবস্থায় উদ্যোক্তাকে আরজেএসসির ওয়েবসাইটে গিয়ে প্রস্তাবিত নামের ছাড়পত্রের আবেদন করতে হতো। এরপর নাম আগে থেকে নিবন্ধিত কি না বা অন্য প্রতিষ্ঠানের নামের সঙ্গে সাদৃশ্য আছে কি না, তা যাচাই করা হতো।
নতুন ইবিআরএসে প্রস্তাবিত নাম প্রথমে সফটওয়্যারের মাধ্যমে যাচাই হবে। চালুর প্রাথমিক পর্যায়ে কর্মকর্তারা পুনরায় যাচাই করার ব্যবস্থা থাকবে। এতে আবেদন সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে নিষ্পত্তি হবে। নতুন ব্যবস্থায় নামের ছাড়পত্র ও নিবন্ধন—দুটি সেবাই অনলাইনে পাওয়া যাবে। তবে নির্ধারিত নমুনা দলিল ব্যবহার করে শর্ত পূরণ করা কোম্পানির নিবন্ধনই কেবল পুরোপুরি স্বয়ংক্রিয় হবে।
নতুন ব্যবস্থায় কোম্পানির শেয়ারহোল্ডার, পরিচালক, সদস্য ও অংশীদারদের পরিচয় যাচাইয়ের ব্যবস্থা যুক্ত হচ্ছে। বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে আবেদনের সময় জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ইটিআইএন ও মোবাইল নম্বরের তথ্য তাৎক্ষণিক যাচাই করা হবে। সংশ্লিষ্ট ব্যক্তির মোবাইল নম্বরটি তাঁর নিজের এনআইডি দিয়ে নিবন্ধিত কি না, সেটিও দেখা হবে; যাচাইয়ে ব্যর্থ হলে তাঁকে শেয়ারহোল্ডার, পরিচালক, সদস্য বা অংশীদার হিসেবে অন্তর্ভুক্ত করা যাবে না। বিদ্যমান আয়কর আইন অনুসারে শেয়ারহোল্ডার ও পরিচালকদের আয়কর রিটার্ন জমার প্রমাণ (পিএসআর) স্ক্যান করে আপলোড করতে হবে। বিদেশি নাগরিকদের ক্ষেত্রে বৈধ পাসপোর্ট নম্বর ও পাসপোর্টের স্পষ্ট স্ক্যান কপি জমা দিতে হবে।
আরেকটি নতুন বিষয় হলো ই-সম্মতি। শেয়ারহোল্ডার, পরিচালক, অংশীদার বা সদস্য হিসেবে অন্তর্ভুক্তির আগে তাঁদের নিবন্ধিত ই-মেইল ঠিকানায় সম্মতির লিংক ও নথি পাঠানো হবে। সবার সম্মতি সম্পন্ন না হওয়া পর্যন্ত নিবন্ধনের আবেদন পরবর্তী যাচাইয়ে এগোবে না।
নিবন্ধন অনুমোদিত হলে ডিজিটাল স্বাক্ষরযুক্ত মূল নিবন্ধন সনদ ও সংশ্লিষ্ট অন্যান্য ফরম আবেদনকারী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিবন্ধিত ই-মেইলে স্বয়ংক্রিয়ভাবে পাঠানো হবে। ফলে সনদ সংগ্রহের জন্য পরিদপ্তরে যেতে হবে না।