সারসংকটের পেছনে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, “রাজনৈতিক না বলে আমি বলব যে দুষ্টু লোক তো আছে এখানে। রাজনৈতিক আমি বলতেছি না, দুষ্টু লোক।” শনিবার দুপুরে গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) দেশে প্রথম গামা ইরেডিয়েশন সেন্টার উদ্বোধনের পর তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সারের যত সমস্যা, তা সারা বাংলাদেশে নয়; সীমিত কয়েকটি জায়গায়, নির্দিষ্ট উপজেলার নির্দিষ্ট ইউনিয়নে। অনুষ্ঠানে তিনি আরও বলেন, চাহিদার তুলনায় কোনো কোনো এলাকায় বেশি সার সরবরাহের পরও সংকট দেখা যাচ্ছে। বিষয়টি সাংবাদিকদের খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।
সার পাচারের প্রসঙ্গে কৃষিমন্ত্রী বলেন, সীমান্ত এলাকায় সার আটকের ঘটনা ঘটছে। তাঁর ভাষ্য, ভারত ও মিয়ানমার সীমান্তের বিভিন্ন জায়গায় সার ধরা পড়ছে। ভারতে নন-ইউরিয়া সারের দাম বাংলাদেশের চেয়ে বেশি হওয়ায় ওই দিকে পাচারের একটি প্রবণতা আছে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে কৃষিপণ্য রপ্তানি নিয়েও সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ ভবিষ্যতে কৃষিপণ্য আমদানির ওপর নির্ভরতা কমিয়ে রপ্তানির দিকে এগোতে চায় এবং কৃষিপণ্যকে অন্যতম প্রধান রপ্তানি পণ্য হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। গাজীপুরের কাঁঠাল বিদেশে রপ্তানির সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, গামা ইরেডিয়েশন সেন্টারে প্রক্রিয়াজাত করলে কাঁঠালসহ বিভিন্ন ফল ও সবজির সংরক্ষণকাল বাড়বে, পচন ও পোকামাকড়ের ঝুঁকি কমবে এবং আন্তর্জাতিক মান বজায় রেখে রপ্তানি করা যাবে। অনুষ্ঠানে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম, বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বাংলাদেশ প্রতিনিধি জিয়াওকুন শি উপস্থিত ছিলেন।