শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

নওগাঁর পোরশায় ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ, পুড়েছে আসবাব ও কাগজপত্র

তেঁতুলিয়া ইউনিয়নের সহড়ন্দ টাওয়ার মোড়ে বৃহস্পতিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা কার্যালয়ে আগুন দেয়; পুলিশ আইনি ব্যবস্থার কথা জানিয়েছে।

নওগাঁর পোরশা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সহড়ন্দ টাওয়ার মোড়ে ৮ নম্বর ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আগুনে কার্যালয়ের ভেতরে থাকা চেয়ার-টেবিল ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে গেছে। কারা আগুন দিয়েছে, তা এখনো জানা যায়নি। কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুনবী বলেন, বিষয়টি নিয়ে উপজেলা পর্যায়ের নেতাদের সঙ্গে পরামর্শের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পোরশা থানার ওসি জিয়াউর রহমান বলেন, সকালে ঘটনা জানতে পেরে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাম্প্রতিক দিনগুলোতে দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক নেতাকর্মীদের বাড়ি ও দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। পুলিশ সদর দপ্তরের হিসাবে ৭ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণ ও ৭৪টি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ৩৮টি মামলা হয়েছে এবং ৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।