রাজধানীর সচিবালয়ের পাশে মেট্রোরেল স্টেশনের নিচে মধ্যরাতে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হননি বলে পুলিশ জানিয়েছে। এর আগে শুক্রবার রাতে তিতুমীর কলেজের একটি ছাত্রীনিবাসের ফটকেও ককটেল বিস্ফোরণ ঘটে।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ আলী রাত পৌনে ৩টার দিকে বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাত ১টা ৩৭ মিনিটের দিকে প্রেসক্লাবের পূর্ব পাশে মেট্রোরেল স্টেশনের নিচে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। বিস্ফোরণে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কারা এর সঙ্গে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে কোনো তথ্য মেলেনি।
এর আগে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর সরকারি তিতুমীর কলেজের সিরাজ আবাসিক ছাত্রীনিবাসের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শী ও আবাসিক শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, রাত আনুমানিক ৯টা ২০ মিনিটের দিকে দুর্বৃত্তরা ছাত্রীনিবাসের প্রধান ফটক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। বিকট শব্দে হলের আবাসিক শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে হল থেকে বেরিয়ে আসেন।
সাম্প্রতিক দিনগুলোতে রাজধানীতে ককটেল বিস্ফোরণের একাধিক ঘটনা ঘটেছে। কয়েক দিন আগে মুগদায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অফিসার্স কোয়ার্টারের ফটকের সামনেও সন্ধ্যায় একটি ককটেল বিস্ফোরণ ঘটেছিল।
দুই ঘটনাতেই কাউকে আটক বা গ্রেপ্তারের তথ্য এখনো পাওয়া যায়নি। বিস্ফোরণের কারণ ও জড়িত ব্যক্তিদের পরিচয় জানতে পুলিশের তদন্ত চলছে কি না, সে বিষয়ে কর্মকর্তারা বিস্তারিত কিছু জানাননি।