গোপালগঞ্জে গত বুধবার বিকেল থেকে অনেকেই মুঠোফোনে আর্থিক পরিষেবায় (এমএফএস) লেনদেন করতে পারছেন না। তিন দিন পার হলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এ ছাড়া বৃহস্পতিবার থেকে এমএফএস প্রতিষ্ঠানগুলোর মাঠকর্মীরা না আসায় এজেন্টরা নগদ টাকার সংকটে পড়েছেন।
স্থানীয়রা জানান, রোববার ও সোমবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৮ ঘণ্টার কর্মসূচি রয়েছে। এ কারণে সাপ্তাহিক ছুটির দিন শনিবারও শহরে অধিকাংশ দোকানপাট খোলা ছিল এবং অনেকে জরুরি কেনাকাটায় বের হন। কিন্তু মুঠোফোনে লেনদেন করতে গিয়ে অনেকে বিপাকে পড়েন।
শহরের লঞ্চঘাট, পাবলিক হল মোড়, পোস্ট অফিস মোড়, চাঁদমারি রোড, ব্যাংকপাড়া, বাজার রোডসহ বিভিন্ন এলাকার অন্তত ১৫টি এমএফএস এজেন্টের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার বিকেল থেকে ব্যক্তিগত অ্যাকাউন্টে লেনদেনের সমস্যা শুরু হয়। বৃহস্পতিবার থেকে বিকাশ, নগদ ও রকেটের অনেক ব্যক্তিগত অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে। কেন অ্যাকাউন্ট বন্ধ হলো, কত দিন বন্ধ থাকবে বা কীভাবে আবার সচল করা যাবে, সে বিষয়ে স্পষ্ট তথ্য না পাওয়ায় গ্রাহকদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বিকাশ এজেন্ট রাসেল হোসেন জানান, গত তিন দিনে শতাধিক গ্রাহক ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে এসে ফিরে গেছেন। অনেকে টাকা পাঠাতে না পেরে এজেন্টের নম্বরে টাকা পাঠাচ্ছেন। আরেক এজেন্ট তানভীর হাসান বলেন, বৃহস্পতিবার থেকে বিকাশ কর্তৃপক্ষ নগদ টাকা দিচ্ছে না, কোনো প্রতিনিধিও আসছেন না। এজেন্ট নম্বরে অনেক টাকা জমা থাকলেও হাতে নগদ টাকা নেই।
জানতে চাইলে গোপালগঞ্জে বিকাশের সুপারভাইজারদের একজন রোমান আহমেদ বলেন, গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি বিবেচনায় বৃহস্পতিবার থেকে কর্মচারীরা মাঠে যাচ্ছেন না। বর্তমান পরিস্থিতিতে মাঠে কাজ করতে তাঁরা ভয় পাচ্ছেন। ফলে অনেক এজেন্টের কাছ থেকে অ্যাকাউন্টের ব্যালেন্স সংগ্রহ করে নগদ টাকা দেওয়া যাচ্ছে না।
উল্লেখ্য, ১৫ নভেম্বর গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো দেশি অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। ওই দিন পুলিশের একটি সাঁজোয়া যানে আগুন দেওয়া হয় এবং পুলিশ বক্সে ভাঙচুর চালানো হয়। এর জেরে ১৫ নভেম্বর থেকে গোপালগঞ্জের সঙ্গে অন্য জেলার ট্রেন যোগাযোগ বন্ধ রাখা হয়েছে।