রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসাঃ মেহেরুন্নেসা তাঁর কর্মময় জীবনের ইতি টানলেন। ১৯৯৫ সালের ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই শিক্ষা যাত্রা ৪ আগস্ট ২০২৫-এ এসে পূর্ণতা পেল, যখন বিদ্যালয় প্রাঙ্গণে সহকর্মী, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের ভালোবাসা ও শ্রদ্ধার আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হলো তাঁর বিদায়ী সংবর্ধনা।
সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানকে কেন্দ্র করে শিক্ষার্থীরা ভোর থেকেই প্রিয় শিক্ষককে শ্রদ্ধা জানানোর জন্য হাজির হয়। বিদ্যালয়ের প্রতিটি কোণে ছিলো আবেগ, অশ্রু, ও কৃতজ্ঞতার নিঃশব্দ প্রকাশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফয়সাল আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আমিরুল ইসলাম।
নবম শ্রেণির শিক্ষার্থী মোসাঃ সুমাইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী। এছাড়া বক্তব্য দেন দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থী সানজিদা খাতুন ও বিদায়ী শিক্ষক মোসাঃ মেহেরুন্নেসা নিজেও। ফয়সাল আহমেদ তাঁর বক্তব্যে বলেন, “মেহেরুন্নেসা শুধু একজন শিক্ষক ছিলেন না, ছিলেন একজন আদর্শ অভিভাবক। তাঁর সততা, নৈতিকতা ও কর্মকুশলতা আমাদের অনুপ্রেরণার উৎস। তিনি একটিমাত্র বিদ্যালয়ে দীর্ঘ ৩১ বছর নিষ্ঠার সঙ্গে শিক্ষকতা করেছেন, যা সত্যিকার অর্থেই প্রশংসনীয়।”
বিদায়ী দিনে সহকর্মী ও শিক্ষার্থীরা ফুল, উপহার ও চোখের জলে বিদায় জানান। ভালোবাসায় সিক্ত এই দিনটি ছিল শিক্ষকতার মহৎ পথচলার একটি গৌরবময় অধ্যায়ের সমাপ্তি।