অস্ট্রেলিয়ার সিডনির ঐতিহাসিক হারবার ব্রিজে শনিবার গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধের দাবিতে প্রায় ৩ লাখ মানুষ বিক্ষোভে অংশ নেয়।
বিশ্ববিখ্যাত এই ব্রিজটি ফিলিস্তিনপন্থী এক বৃহৎ বিক্ষোভ মিছিলের জন্য বন্ধ করে দেওয়া হয়। নিউ সাউথ ওয়েলস সুপ্রিম কোর্ট পুলিশের নিষেধাজ্ঞার আবেদন খারিজ করে দেওয়ার পরই মিছিলটি আয়োজন করা হয়। পুলিশের মতে, মিছিলটি "জনসমাগমে চাপ" তৈরি করতে পারে।
প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপ সিডনি এই মিছিলের আয়োজন করে। সংগঠনের একজন মুখপাত্র দাবি করেন, এতে প্রায় ৩ লাখ মানুষ অংশ নেয়।
উপস্থিতদের মধ্যে ছিলেন ট্রান্সপারেন্সি অ্যাকটিভিস্ট জুলিয়ান অ্যাসাঞ্জ, সাবেক পররাষ্ট্রমন্ত্রী বব কার, সাংসদ এড হুসিক, আদিবাসী অভিনেত্রী মেইবে ওয়ায়েট এবং গ্রিন পার্টির সিনেটর মেহরিন ফারুকি।
মিছিল শুরুর আগে ফারুকি বলেন, “তোমরা ক্রিস মিন্সকে অগ্রাহ্য করেছ — এটাই সাহসিকতা।” নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার মিন্স বলেছিলেন, “আমরা সিডনিকে বিশৃঙ্খলায় পরিণত হতে দিতে পারি না।”
ফারুকি আরও বলেন, “এটা কখনোই লজিস্টিকস, ট্র্যাফিক বা যোগাযোগ নিয়ে ছিল না। এটা ছিল আমাদের থামানো এবং চুপ করিয়ে দেওয়ার চেষ্টা। এটা ছিল ইসরায়েল এবং লেবার সরকারকে দায় থেকে রক্ষা করার প্রয়াস।”