সাভারে আন্দোলনরত শিক্ষার্থী আশ-হাবুল ইয়ামিনকে সাঁজোয়া যান থেকে ফেলে হত্যা মামলায় অভিযুক্ত এএসআই মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার বিকালে এক প্রেস রিলিজে এসব তথ্য জানিয়েছেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ শাহীনুর কবির।
প্রেস রিলিজে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় এএসআই মোহাম্মদ আলীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। রোববার ভোর ৬টায় পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার মুরাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তাঁকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কো-অর্ডিনেটরের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত বছর ১৮ জুলাই সাভারে ছাত্র-জনতার আন্দোলনের সময় শিক্ষার্থী আশ-হাবুল ইয়ামিন শহীদ হন। আন্দোলনের সময় পুলিশের একটি এপিসি থেকে তাঁকে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
ইয়ামিন ছিলেন মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি থাকতেন এমআইএসটির ওসমানী হলে এবং বাড়ি ছিল সাভারের ব্যাংক টাউন আবাসিক এলাকায়।