বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের সূচি ঘোষণা

এশিয়া কাপ প্রস্তুতিতে ডাচদের বিপক্ষে সিরিজ, সূচি প্রকাশ করলো বিসিবি

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের সূচি ঘোষণা
ছবি: ছবি: ইন্টারনেট

নানা আলোচনা ও জল্পনার পর অবশেষে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল সোমবার বিসিবির পক্ষ থেকে জানানো হয়, এই সিরিজ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, যা শুরু হবে ৩০ আগস্ট।

নেদারল্যান্ডস দল ২৬ আগস্ট বাংলাদেশে পা রাখবে। এরপর ৩০ আগস্ট মাঠে গড়াবে প্রথম টি-টোয়েন্টি। বাকি দুই ম্যাচ হবে ১ ও ৩ সেপ্টেম্বর। প্রতিটি ম্যাচই সন্ধ্যা ৬টায় শুরু হওয়ার কথা রয়েছে। এশিয়া কাপের আগে এই সিরিজকে প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছে বাংলাদেশ। এর মাধ্যমে স্কোয়াড গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে বোর্ড সূত্রে জানা গেছে। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ হোম সিরিজে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের উইকেট নিয়ে তীব্র সমালোচনা ওঠে। সে কারণেই এই সিরিজে মিরপুরে কোনো ম্যাচ রাখা হয়নি। উইকেট সংস্কারে ওই সময় কাজ করবে বিসিবির কিউরেটর দল। ফলে সিলেট স্টেডিয়ামই হবে তিনটি ম্যাচের একমাত্র ভেন্যু।

একনজরে বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি

তারিখম্যাচভেন্যুসময়
৩০ আগস্টপ্রথম টি-টোয়েন্টিসিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামসন্ধ্যা ৬টা
১ সেপ্টেম্বরদ্বিতীয় টি-টোয়েন্টিসিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামসন্ধ্যা ৬টা
৩ সেপ্টেম্বরতৃতীয় টি-টোয়েন্টিসিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামসন্ধ্যা ৬টা

 

এই সিরিজকে ঘিরে ইতোমধ্যেই ২৫ সদস্যের একটি প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। দলে আছেন অনেক নতুন মুখ, আবার দলে ফিরেছেন অভিজ্ঞ ক্রিকেটার নুরুল হাসান সোহান এবং নাজমুল হোসেন শান্ত। ৬ আগস্ট থেকে শুরু হবে এই স্কোয়াডের অনুশীলন ক্যাম্প। ৭ আগস্ট দলের সঙ্গে যোগ দেবেন পাওয়ার হিটার কোচ জুলিয়ান রস উড। জাতীয় দলের অন্যান্য কোচিং স্টাফরা যোগ দেবেন ১১ আগস্ট থেকে।

এই সিরিজ থেকেই এশিয়া কাপের চূড়ান্ত দল গঠন করবে বাংলাদেশ দল ব্যবস্থাপনা। ফলে সিরিজটি যথেষ্ট গুরুত্ব পাচ্ছে টিম ম্যানেজমেন্টের কাছে।