বাংলাদেশের অন্যতম বড় অনলাইন ফ্লাইট বুকিং প্ল্যাটফর্ম ‘ফ্লাইট এক্সপার্ট’ হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। তাদের ওয়েবসাইট ও অফিস বর্তমানে অচল। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির মালিক দেশ ছেড়ে পালিয়েছেন এবং অফিস কর্মচারীদের অনেকেই এখন থানার দ্বারস্থ হচ্ছেন।
ফ্লাইট এক্সপার্টের সেলস বিভাগের একজন সদস্য মামুনুর রশিদ জানান, ‘গত রাতেই আমাদের মালিক দেশ ছেড়ে পালিয়েছেন। আমরা এখন মতিঝিল থানায় যাচ্ছি।’
প্রতিষ্ঠানটির সিওও সালমান একটি অভ্যন্তরীণ হোয়াটসঅ্যাপ বার্তায় অভিযোগ করেছেন, সাঈদ, হোসাইন এবং সাকিব তার সাথে পরিকল্পিতভাবে বিশ্বাসঘাতকতা করেছেন এবং তাকে দায়ী করে সব দোষ চাপিয়ে দিয়েছেন। তারা একসাথে ৩ কোটি টাকা তুলেছেন এবং কোম্পানিকে কার্যত দেউলিয়া করে ফেলেছেন।
সালমান আরও বলেন, হুমকি ও দোষারোপের কারণে তিনি ছুটি নিয়েছেন, তবে তাঁর এইভাবে চলে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না।
ফেসবুকে ফ্লাইট এক্সপার্টের সর্বশেষ পোস্টে দেখা গেছে, তারা হজ ২০২৬-এর রেজিস্ট্রেশন নিয়ে প্রচার চালিয়েছিল। কিন্তু বর্তমানে সাইটটি কার্যত হাওয়া হয়ে গেছে।
জয়িতা আফ্রিন নামে এক গ্রাহক ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘ফ্লাইট এক্সপার্টের মতো ট্রাস্টেড কোম্পানি যদি দেশ থেকে পালিয়ে যায় তাহলে আর কাকে বিশ্বাস করব?’
২০১৭ সালের মার্চ মাসে যাত্রা শুরু করে ফ্লাইট এক্সপার্ট। খুব অল্প সময়ে এটি বাংলাদেশে অনলাইন টিকিটিং ইন্ডাস্ট্রিতে বড় নাম হয়ে ওঠে। প্রতিষ্ঠানটি ফ্লাইট বুকিং, হোটেল রিজার্ভেশন, ট্যুর প্যাকেজ, ভিসা প্রসেসিং ইত্যাদি সেবা দিত। সাশ্রয়ী মূল্যে টিকিট বুকিং, আকর্ষণীয় অফার, সহজ পেমেন্ট অপশন থাকায় এটি গ্রাহকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে।