রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

৫ আগস্ট মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ

৩৬ জুলাই উদ্যাপনে দিনব্যাপী আয়োজন, আর্টসেল-এর গান দিয়ে পর্দা নামবে

৫ আগস্ট মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ

আগামী ৫ আগস্ট রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিকেল ৫টায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করা হবে। ঐতিহাসিক ৩৬ জুলাই উদ্যাপন উপলক্ষে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

আগামী ৫ আগস্ট বিকেল ৫টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করা হবে। রোববার প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্ট থেকে এই তথ্য জানা যায়।

পোস্টে উল্লেখ করা হয়, ছত্রিশ জুলাই—গত বছর এই দিনে দেশে সংঘটিত হয়েছিল এক অভাবনীয় গণ-অভ্যুত্থান। এর ফলে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল ফ‍্যাসিস্ট। শহীদদের রক্ত ও যোদ্ধাদের ত্যাগের পথ বেয়ে সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়েছিল। রাস্তায় রাস্তায় আনন্দে আত্মহারা জনতার ঢল নেমেছিল।

এক বছর পর ফের এসেছে সেই ঐতিহাসিক দিন। সেই উপলক্ষে ঘোষিত হচ্ছে জাতির কাঙ্ক্ষিত ‘জুলাই ঘোষণাপত্র’। দিনব্যাপী ৩৬ জুলাই উদ্যাপন উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিতব্য এই আয়োজনে থাকবে বিভিন্ন অনুষ্ঠান।

অনুষ্ঠান শুরু হবে সকাল ১১টায়। ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে বিকেল ৫টায় পাঠ করা হবে ‘জুলাই ঘোষণাপত্র’। রাত ৮টায় আর্টসেল-এর গান পরিবেশনার মধ্য দিয়ে শেষ হবে অনুষ্ঠান। আয়োজন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

পোস্টে আরও জানানো হয়, বিএনপিসহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করেছে। এ ঘোষণাপত্রের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি বিষয়ে দলগুলো একমত হয়েছে।