জুলাই গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আজ রোববার রাজধানীতে একাধিক রাজনৈতিক সমাবেশ ও অনুষ্ঠানকে কেন্দ্র করে যান চলাচল নিয়ন্ত্রণ নিয়ে গণবিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
এ ছাড়া আজ এইচএসসি ও সমমান এবং বিসিএস পরীক্ষা থাকায় পর্যাপ্ত সময় হাতে নিয়ে কেন্দ্রের উদ্দেশ্যে পরীক্ষার্থীদের রওয়ানা দেওয়ার আহ্বান জানিয়েছে ডিএমপি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে আজ শনিবার এ আহ্বান জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ৩ আগস্ট রোববার জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে শাহবাগ মোড়ে ‘ছাত্র সমাবেশ’, এনসিপির উদ্যোগে শহীদ মিনারে ‘জনসমাবেশ’ এবং সাইমুম শিল্পীগোষ্ঠীর উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠান উপলক্ষে এসব এলাকায় যান চলাচল সীমিত থাকবে।
ডিএমপি বিকল্প রুট হিসেবে বিভিন্ন সড়কের বিস্তারিত দিকনির্দেশনা দিয়েছে এবং নাগরিকদের শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে।
বিশেষ করে এইচএসসি ও বিসিএস পরীক্ষার্থীদের যথেষ্ট সময় হাতে নিয়ে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।