বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬

এইচএসসি পাশ শিক্ষার মান সপ্তম শ্রেণির পর্যায়ের

বিশ্বব্যাংকের প্রতিবেদন বলছে, আন্তর্জাতিক মানের তুলনায় সাড়ে চার বছর পিছিয়ে বাংলাদেশের শিক্ষার্থীরা

এইচএসসি পাশ শিক্ষার মান সপ্তম শ্রেণির পর্যায়ের

এইচএসসি পাস করেও বাংলাদেশের শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের তুলনায় অনেক পিছিয়ে। বিশ্বব্যাংকের মতে, তারা কেবল ৬.৫ বছরের সমতুল্য জ্ঞান অর্জন করতে সক্ষম হচ্ছে, যা গভীর উদ্বেগের বিষয়।

বাংলাদেশে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শিক্ষাগত মান নিয়ে ক্রমেই উদ্বেগ বাড়ছে। সাম্প্রতিক গবেষণা ও আন্তর্জাতিক বিভিন্ন বিশ্লেষণে দেখা গেছে, এইচএসসি পাস শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা অনেকটাই আন্তর্জাতিক মানের নিচে।

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা গড়ে আন্তর্জাতিকভাবে সপ্তম শ্রেণির সমতুল্য জ্ঞান ও সক্ষমতা অর্জন করছেন। বিষয়টি শিক্ষার গুণগত মান নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে।

বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়, ১৮ বছর বয়সে একজন শিক্ষার্থীর ১১ বছরের আনুষ্ঠানিক শিক্ষা সম্পন্ন করার কথা থাকলেও বাংলাদেশের শিক্ষার্থীরা কেবল ৬.৫ বছরের সমতুল্য মানসম্পন্ন শিক্ষা অর্জন করতে পারছে। শেখার গুণমানের বিচারে অন্তত ৪.৫ বছর পিছিয়ে আছে দেশটি।

শিক্ষা প্রশাসন এই দুরবস্থার বিষয়ে অবগত। তারা বলছে, আর্থসামাজিক বিভিন্ন প্রতিকূলতার কারণে এই ঘাটতি হচ্ছে। তবে সরকার শিক্ষকদের প্রশিক্ষণ, বেতন বৃদ্ধি, পাঠ্যক্রম উন্নয়ন ও মূল্যায়ন পদ্ধতি আধুনিকায়নের মাধ্যমে সমস্যার সমাধানে কাজ করছে।

বিশ্বব্যাংকের সমন্বিত আন্তর্জাতিক স্কোর অনুযায়ী, বাংলাদেশের শিক্ষার্থীরা গড়পড়তা ৩৬৮ স্কোর করেছে যেখানে ৩০০ স্কোর ‘ন্যূনতম অর্জন’ এবং ৬২৫ স্কোর ‘উন্নত অর্জন’ হিসেবে ধরা হয়। এ থেকেই স্পষ্ট, দেশের অধিকাংশ শিক্ষার্থী পাঠ, লেখালেখি ও গণিতের মতো মৌলিক দক্ষতায় দুর্বল।