বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬

ইসরায়েলি বাহিনীর গুলিতে গাজায় একদিনে নিহত ৬২ ফিলিস্তিনি

GHF বিতরণকেন্দ্রে সহায়তা নিতে গিয়ে প্রাণ হারালেন ৩৮ জন; যুদ্ধবিরতির ঘোষণার পরও থামেনি হত্যা

ইসরায়েলি বাহিনীর গুলিতে গাজায় একদিনে নিহত ৬২ ফিলিস্তিনি

ইসরায়েলি বাহিনীর গুলিতে শনিবার ভোর থেকে এখন পর্যন্ত গাজায় ৬২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশিরভাগই খাদ্য সহায়তা নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন।

গাজার হাসপাতাল সূত্র জানিয়েছে, শনিবার ভোর থেকে ইসরায়েলি বাহিনীর গুলিতে ৬২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই খাদ্য সহায়তার আশায় বিতরণকেন্দ্রে উপস্থিত ছিলেন।

নিহতদের মধ্যে অন্তত ৩৮ জন বিতর্কিত Gaza Humanitarian Foundation (GHF) পরিচালিত সহায়তা কেন্দ্রের সামনে অপেক্ষারত অবস্থায় গুলিবিদ্ধ হন। GHF হলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অর্থায়নে পরিচালিত একটি প্রতিষ্ঠান।

ইসরায়েল ২৭ জুলাই থেকে প্রতিদিন কিছু এলাকায় সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিলেও জাতিসংঘের মানবাধিকার কার্যালয় জানিয়েছে, বুধবার ও বৃহস্পতিবার ১০৫ জন ফিলিস্তিনি সহায়তার সময় নিহত হন।

জাতিসংঘ জানায়, যুদ্ধ শুরুর পর থেকে খাদ্য সহায়তা নিতে গিয়ে অন্তত ১,৩৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং অপুষ্টি ও অনাহারে মৃত্যু হয়েছে ১৬৯ জনের, যাদের মধ্যে ৯৩ জন শিশু।

গাজা থেকে ফিলিস্তিনিদের অভিযোগ, ইসরায়েলি সেনা ও GHF-এর জন্য কাজ করা মার্কিন নিরাপত্তা ঠিকাদাররা ইচ্ছাকৃতভাবে সহায়তা প্রত্যাশীদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে।

এদিকে, আন্তর্জাতিক সমালোচনার মুখে ইসরায়েল সীমিত আকারে আকাশপথে সাহায্য প্রবেশে অনুমতি দিলেও, জাতিসংঘের UNRWA ও UNICEF জানিয়েছে, এগুলো পর্যাপ্ত নয় এবং খাদ্যাভাব এখন ‘দুর্ভিক্ষের সীমা ছাড়িয়ে গেছে’।

গাজার Palestine Red Crescent Society জানায়, খান ইউনুসে তাদের সদর দপ্তরে ইসরায়েলি হামলায় এক কর্মী নিহত এবং তিনজন আহত হয়েছেন।

UNICEF জানিয়েছে, গাজায় বর্তমানে ৩.২ লক্ষ শিশু মারাত্মক অপুষ্টির ঝুঁকিতে রয়েছে এবং সময়মতো পদক্ষেপ না নিলে হাজার হাজার শিশুর মৃত্যু ঘটতে পারে।