রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

আবারও ভূমিকম্পে কেঁপে উঠলো রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জ

চারদিনের ব্যবধানে ফের ৬.৭ মাত্রার ভূমিকম্প, কোনও সুনামি সতর্কতা নেই

আবারও ভূমিকম্পে কেঁপে উঠলো রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জ

স্মরণকালের অন্যতম শক্তিশালী ভূমিকম্পের চারদিন পর রোববার আবারও রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জে ৬.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

স্মরণকালের অন্যতম শক্তিশালী ভূমিকম্পের আঘাত হানার চারদিন পর আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে রাশিয়া। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, রোববার রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, প্রাথমিকভাবে ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৩৫ বলা হলেও পরে তা ৬ দশমিক ৭ নির্ধারণ করা হয়। জিএফজেড জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ভূমিকম্পটির মাত্রা ৭.০ বলেও উল্লেখ করেছে। তবে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র বলেছে, ভূমিকম্পের পর কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি।

তাৎক্ষণিকভাবে এ ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত বুধবার রাশিয়ার উপকূলে ৮.৭ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যার পর সুনামি সতর্কতা জারি করা হয়েছিল অন্তত ১৪টি দেশে। ওই দিন রাশিয়ার কামচাটকা উপদ্বীপে প্রায় চার মিটার উচ্চতার জলোচ্ছ্বাস দেখা যায়।